
আগামী ৩০ নভেম্বরের পর কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রগুলোতে আবেদন জমা না দেওয়ার জন্য ভিসাপ্রার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
গত ১৭ নভেম্বর কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের সঙ্গে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের ভিসা আউটসোর্সিং সেবা-সংক্রান্ত চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। বাংলাদেশ সরকার চুক্তিটি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে।
এ কারণে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের পরিচালনায় কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রগুলো ৩০ নভেম্বরের পর থেকে নির্ধারিত ঠিকানায় আর কার্যক্রম পরিচালনা করবে না।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে এবং সব ধরনের ভিসাপ্রার্থীকে ৩০ নভেম্বরের পর ডিইউ ডিজিটাল পরিচালিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রগুলোতে আবেদন জমা না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া নতুন ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা ও নতুন সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম শিগগিরই পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।