
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ। ১৯৬৮ সালের ২০ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঘরে জন্মগ্রহণ করেন তিনি। জিয়া পরিবারের প্রথম সন্তান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
তারেক রহমানের শিক্ষাজীবন শুরু ঢাকার শাহীন স্কুল অ্যান্ড কলেজে। পরে রেসিডেনশিয়াল মডেল স্কুল থেকে মাধ্যমিক এবং আদমজী কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। শিক্ষাজীবনের পাশাপাশি পারিবারিক রাজনৈতিক পরিবেশও তাকে রাজনীতির প্রতি আগ্রহী করে তোলে।
১৯৮৮ সালে বাবার জন্মস্থান বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। এর মধ্য দিয়ে শুরু হয় তার রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠন ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেন তারেক রহমান। দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচটি আসনের নির্বাচনী প্রচার কার্যক্রম সমন্বয়ের দায়িত্বও পালন করেন। ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সদস্য হন তিনি। পরবর্তী সময়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা বাড়তে থাকে।
তারেক রহমানের রাজনৈতিক জীবনের অন্যতম কঠিন সময় আসে ২০০৭ সালে। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হন তিনি। ওই সময় কারাগারে তার ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। একাধিক মামলার মুখোমুখি হওয়ার পর ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। এরপর শুরু হয় তার দীর্ঘ প্রবাসজীবন।
দেশের বাইরে থাকলেও বিএনপির রাজনীতি থেকে বিচ্ছিন্ন হননি তিনি। লন্ডনে অবস্থান করেই দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং রাজনৈতিক আন্দোলনে নেতৃত্ব দিতে থাকেন। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এরপর দীর্ঘ সময় বিদেশে থেকেই দলটির নেতৃত্ব দেন তিনি।
প্রবাসজীবনের দীর্ঘ সময়জুড়ে দেশে ফেরা, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়গুলো তার বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্ব পেয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তন আসে। দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরার অনুকূল পরিস্থিতি তৈরি হয়। অবশেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তিনি। তার প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
দেশে ফিরে সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন তারেক রহমান। দলকে নির্বাচনের জন্য প্রস্তুত করার পাশাপাশি রাষ্ট্র পরিচালনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন তিনি।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়ী হন তারেক রহমান। এরপর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার একটি এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।
এ ছাড়া বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার জন্মদিন পালন করবেন বলে জানা গেছে।