
নিবন্ধন অধিদপ্তরের অধীন সাব-রেজিস্ট্রি অফিসগুলোকে দেশের অন্যতম আস্থাশীল ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানে পরিণত করতে চায় সরকার। এ লক্ষ্য অর্জনে কর্মকর্তা-কর্মচারীদের সততা, পেশাগত দায়িত্বশীলতা এবং জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে দুর্নীতি ও জনহয়রানির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়ে এ বিষয়ে কঠোর অবস্থানের কথা তুলে ধরেছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।
মো. আসাদুজ্জামান বলেন, জাতীয় বাজেটে নিবন্ধন অধিদপ্তরের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এটিকে দেশের দ্বিতীয় বৃহত্তম একক রাজস্ব খাত হিসেবে বিবেচনা করা হয়। অথচ রাজস্ব আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও দীর্ঘদিন ধরে অধিদপ্তরটি অবহেলিত। এ অবস্থার পরিবর্তন প্রয়োজন। অধিদপ্তরের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তার পক্ষ থেকে কোনো সীমাবদ্ধতা থাকবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
নিবন্ধন অধিদপ্তর সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক ধারণা দূর করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, কোনো কোনো সাব-রেজিস্ট্রি অফিসে সেবা নিতে গিয়ে মানুষ হয়রানির শিকার হন। এ ধরনের ঘটনা পুরো অধিদপ্তরের ভাবমূর্তি নষ্ট করে। তাই জনগণকে হয়রানিমুক্ত সেবা দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব। কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে ব্যর্থ হলে কিংবা তার অযোগ্যতা ও দুর্নীতির কারণে মানুষ ভোগান্তিতে পড়লে এর দায় সংশ্লিষ্ট কর্মকর্তাকেই নিতে হবে।
দুর্নীতি ও জনহয়রানির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে আসাদুজ্জামান বলেন, নিবন্ধন অধিদপ্তরকে জনবান্ধব ও হয়রানিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। কর্মকর্তাদের ভালো কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের জন্য প্রণোদনার ব্যবস্থাও করা হবে। তবে কোনো কর্মকর্তার বিরুদ্ধে জনহয়রানির অভিযোগ বা তথ্য পাওয়া গেলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
অধিদপ্তরে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম পর্যায়ক্রমে আরও সম্প্রসারণ করা হবে বলেও জানান তিনি। এ উদ্যোগের মাধ্যমে বিভাগের ওপর জনগণের আস্থা ফিরবে বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী।
সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান মো. আসাদুজ্জামান। এ বিষয়ে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সরকারি পদ ব্যবহার করে নিজ এলাকায় কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড পরিচালনা কিংবা চাঁদাবাজিতে জড়িত হলে সরকার তা কোনোভাবেই মেনে নেবে না।
এ ছাড়া নিবন্ধন অধিদপ্তরের কোনো আইন বা বিধি সংশোধনের প্রয়োজন হলে মহাপরিদর্শকের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর পরামর্শ দেন মন্ত্রী। তিনি বলেন, প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে জনকল্যাণমূলক বলে বিবেচিত হলে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। নিবন্ধন অধিদপ্তরের উন্নয়নে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্মিলিতভাবে কাজ করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।