
দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের পর্যায়ক্রমে সরকারি ভাতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ইতোমধ্যে কয়েকটি মসজিদে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হয়েছে। পাইলট প্রকল্পের কাজ শেষ হওয়ার পর তালিকা তৈরি করে ধাপে ধাপে দেশের সব মসজিদে এ ভাতা দেওয়া হবে।
শনিবার (১৪ নভেম্বর) ময়মনসিংহের নান্দাইল উপজেলার চৌরাস্তায় অরণ্যপাশায় খানকায়ে হুসাইনিয়া মাদানিয়ার উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি এলাকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতা দেওয়ার কর্মসূচি চালু করেছেন। এরই অংশ হিসেবে ইতোমধ্যে কয়েকটি মসজিদে পাইলট প্রকল্পের আওতায় কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পের অভিজ্ঞতা অর্জন ও কার্যক্রম শেষ হওয়ার পর পর্যায়ক্রমে সারা দেশের মসজিদগুলোকে এ কর্মসূচির আওতায় আনা হবে।
ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সামাজিক ও ধর্মীয় অবদানের বিষয়টি বিবেচনায় নিয়েই সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানান ইয়াসের খান চৌধুরী।
বক্তব্যে বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছরে দেশে ওয়াজ মাহফিল আয়োজনের সুযোগ দেওয়া হয়নি। অথচ যাত্রার আয়োজন করতে দেওয়া হয়েছে। ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সংস্কৃতির প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
নির্বাচনের সময় একটি দলের প্রচারণার সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, একটি দল বেহেশতের টিকিট বিক্রির কথা বলেছে। নির্দিষ্ট প্রতীকে ভোট দিলেই বেহেশতে যাওয়া যাবে বলেও প্রচার করেছে তারা। এ ধরনের বিভ্রান্তিকর প্রচার থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান তিনি।
শাপলা চত্বর ও জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত নয়। তবে কেউ বড় ধরনের সমস্যা তৈরি না করলে সরকারও তাদের বিরুদ্ধে কঠোর হতে চায় না। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো ধরনের চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
নান্দাইলের উন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, এলাকার উন্নয়নে প্রয়োজনীয় কাজ নিয়মনীতি মেনেই বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও এ উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে প্রতিমন্ত্রী উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজার-বাহাদুরপুর নতুন বাজার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় তিনি বলেন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন গ্রামীণ অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং মানুষের জীবনযাত্রার মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় মানুষের প্রয়োজন বিবেচনা করেই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
এদিন নান্দাইলে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৬টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কমাতে সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
মাহফিলে অংশ নেওয়া মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজক প্রতিষ্ঠানটির পীর হযরত মাওলানা আব্দুল কুদ্দুসকে ধন্যবাদ জানান ইয়াসের খান চৌধুরী। আগামী বছর মাহফিলের সার্বিক উন্নয়নেও সহযোগিতার আশ্বাস দেন তিনি।
আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুস। এতে অংশ নেন প্রতিমন্ত্রীও।