
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি সাবমারসিবল পানির পাম্পের পাইপে আগুন জ্বলে ওঠার ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পাইপের মুখে গ্যাস লাইট ধরালে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। ঘটনাটি পরীক্ষা করে ভূগর্ভে গ্যাসের উপস্থিতি আছে কি না, তা নিশ্চিত করতে বিশেষজ্ঞ দল পাঠানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বান্ধবাড়ি ইউনিয়নের ভাসাই বাজারে মাছ পরিবহনের গাড়িগুলোতে পানি সরবরাহের জন্য প্রায় এক বছর আগে সাবমারসিবল পাম্পটি স্থাপন করেন হার্ডওয়্যার ব্যবসায়ী কামরুল শেখ। পাম্পটি বসানো হয়েছিল মাটির প্রায় ২৮০ ফুট গভীরে। তবে গত এক সপ্তাহ ধরে এটি থেকে আগের তুলনায় অনেক কম পানি উঠছিল।
এ অবস্থায় কৌতূহলবশত গত বুধবার দিবাগত রাতে (২৮ অক্টোবর) পাম্পের পাইপের মুখে গ্যাস লাইট ধরান কামরুল। তখনই সেখানে আগুন জ্বলে ওঠে। বিষয়টি ছড়িয়ে পড়ার পর তাঁর দোকানের সামনে ভিড় করতে থাকেন স্থানীয় লোকজন।
বৃহস্পতিবার ভাসাই বাজারে কামরুলের দোকানের সামনে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। তাঁদের অনুরোধে কামরুলকে বারবার পাম্পটি চালু করে পাইপের মুখে গ্যাস লাইট ধরিয়ে আগুন জ্বলার বিষয়টি দেখাতে হচ্ছে। ঘটনাটির প্রকৃত কারণ জানতে দ্রুত বিশেষজ্ঞ দল এনে পরীক্ষা-নিরীক্ষার দাবি জানিয়েছেন তাঁরা।
হার্ডওয়্যার ব্যবসায়ী কামরুল শেখ স্থানীয় বাসিন্দা রব শেখের ছেলে। তিনি বলেন, মাছ পরিবহনের বিভিন্ন গাড়িতে পানি সরবরাহের উদ্দেশ্যে এক বছর আগে ২৮০ ফুট গভীরে পাম্পটি স্থাপন করেছিলেন। গত এক সপ্তাহ ধরে পানি কম ওঠায় বুধবার রাতে পাইপের মুখে গ্যাস লাইট ধরিয়ে পরীক্ষা করেন তিনি। তখন আগুন জ্বলে ওঠে। পরে খবরটি ছড়িয়ে পড়লে এলাকার লোকজন তাঁর দোকানের সামনে জড়ো হন।
স্থানীয় যুবক শিহাব শেখ বলেন, রাতে ঘটনাটির খবর পেয়ে বৃহস্পতিবার সকালে তাঁরা বিষয়টি দেখতে আসেন। সরেজমিনে এসে আগুন জ্বলার ঘটনা দেখতে পেয়েছেন বলে জানান তিনি। শিহাবের ভাষ্য, তাঁরা চান বিশেষজ্ঞ দল এসে পরীক্ষা করে নিশ্চিত করুক, সেখানে সত্যিই ভূগর্ভস্থ গ্যাস রয়েছে কি না। গ্যাসের উপস্থিতি নিশ্চিত হলে তা দেশের জন্য সুফল বয়ে আনতে পারে বলেও তিনি মনে করেন।
ঘটনাটি সম্পর্কে কোটালীপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন বলেন, বিষয়টি জানার পর তিনি সংশ্লিষ্ট এলাকার তহশিলদারদের ঘটনাস্থলে পাঠিয়েছিলেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছেন তিনি। আগামী শুক্রবার নিজে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন জানিয়ে ইউএনও বলেন, সরেজমিনে খোঁজখবর নেওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।