
দিনাজপুরের হিলিতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেনসিডিলসহ বিএনপি এবং এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে পৌর ছাত্রদলের আহ্বায়কও রয়েছেন। অভিযানে ৭১১টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২ বোতল ফেনসিডিল, তিনটি মুঠোফোন এবং নগদ ৫ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ১৫ মিনিট থেকে আড়াইটা পর্যন্ত হিলির মুহাড়াপাড়া ও ফকিরপাড়া এলাকার দুটি স্থানে অভিযান চালানো হয়। জব্দ করা মালামালের নির্ধারিত মূল্য ১ লাখ ৭৮ হাজার ২০০ টাকা।
আটক ব্যক্তিদের মধ্যে বাবা-ছেলে
আটক ব্যক্তিরা হলেন মুহাড়াপাড়া গ্রামের মাহে আলম প্রধান (৫০), তাঁর ছেলে রিমন (২৮), শাহরিয়ার প্রধান রিফাত (২৫) এবং একই এলাকার ধরন্দা গ্রামের মৃত রেজাউল মন্ডলের ছেলে বেলাল হোসেন (৩০)।
মাহে আলম প্রধান হিলি পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক। তাঁর ছেলে রিমন পৌর ছাত্রদলের আহ্বায়ক এবং শাহরিয়ার প্রধান রিফাত পৌর ছাত্রদলের সদস্য। অন্যদিকে বেলাল হোসেন পৌর যুবদলের সদস্য।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন থেকে রোববার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ভরযোগ্য সূত্রে খবর পাওয়া যায়, মাদক সরবরাহের উদ্দেশ্যে কয়েকজন তাঁদের বাড়িতে মাদক মজুত করেছেন। ওই তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালায়।
অভিযানে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এসআরবি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমে হিলির মুহাড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরে ফকিরপাড়ায় অভিযান চালানো হয়। সেখান থেকে মাদকদ্রব্যসহ আরও ব্যক্তিদের আটক করা হয়। সব মিলিয়ে চারজনকে আটক করে তাঁদের কাছ থেকে মাদক ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশাহ আলম জানান, শনিবার রাতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মাদকসহ চারজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।