
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আজ নির্বাচনী প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক বরাদ্দের পরই আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রার্থীদের নির্বাচনী প্রচার।
ইসি কর্মকর্তারা জানান, নির্বাচনী তফসিল অনুযায়ী বুধবার (৭ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আজ বৃহস্পতিবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গত ২৯ সেপ্টেম্বর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এতে বিএনপি মনোনীত মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক রয়েছেন।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। নতুন ভোটার যুক্ত হওয়ায় বর্তমানে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জনে।
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।