
ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি, সড়ক নিরাপত্তা এবং গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বৈঠকে অংশ নিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৈঠকে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত আসতে পারে।