
বয়সের কাঁটা এগিয়ে চললেও জয়া আহসানকে দেখে যেন সময়ের হিসাব মেলানো কঠিন! নীলের আবেশে তোলা একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। ছবিগুলোতে তার সৌন্দর্য, চোখের চাহনি আর প্রাণবন্ত উপস্থিতি নিয়ে চলছে প্রশংসা।
রুপালি পর্দার চাকচিক্যের বাইরে জয়া আহসানের রয়েছে নিজস্ব এক জগৎ। প্রকৃতির প্রতি তার ভালোবাসা এবং সাদামাটা জীবনযাপনের নানা মুহূর্ত প্রায়ই উঠে আসে সামাজিক যোগাযোগমাধ্যমে। ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা না বললেও নিজের ছবি ও নানা অভিজ্ঞতা ভাগ করে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন জয়া। নীল পোশাক ও নীলের আবেশে তোলা এসব ছবিতে তার চোখের চাহনি বিশেষভাবে নজর কেড়েছে। ছবি প্রকাশের পর থেকেই অভিনেত্রীর সৌন্দর্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।
ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, ‘নীল রং আমাতেই সাজে, আর আমার মুড পুরোপুরি আমার নিজের।’
এরপরই মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসার বন্যা বয়ে যায়। একজন লিখেছেন, ‘আমি ছোটবেলা যেমন দেখেছি, এখনো তেমনই দেখি।’ আরেকজনের মন্তব্য, ‘আপনি দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছেন।’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘নীল রং দেখলে মনটা জানি কেমন হয়ে যায়। সুন্দর, অনেক সুন্দর।’
জয়ার নতুন ছবিগুলো দেখে অনেকেরই মন্তব্য—সময় যতই এগিয়ে যাক, তার সৌন্দর্যের দীপ্তিতে যেন বয়সের ছাপ ধরা পড়ে না।