
সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি কাজ করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এই কমিটির মাধ্যমে পরিবহন খাতের দীর্ঘদিনের মাফিয়াবৃত্তির অবসান ঘটবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিএনপি নেতা নাজিম উদ্দীনের নেতৃত্বাধীন নতুন কমিটির সদস্যদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, নতুন নতুন ধারণা ও উদ্যোগের মাধ্যমে পরিবহন খাতকে ঢেলে সাজানো হবে। দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে এ খাতকে আইনসঙ্গত করার পাশাপাশি যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে রাজনীতিবিদদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। রাজনীতিবিদরা দায়িত্ব পেলে ১৭ বছরের নৈরাজ্যের অবসান ঘটবে বলেও মন্তব্য করেন তিনি।