
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ছুটির আগে আগামী ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর—মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার—ছুটি থাকবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্গাপূজার ছুটির আওতায় থাকছে না জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্মী। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এসব সেবায় নিয়োজিত যানবাহন ও কর্মীরা।
হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও ছুটির বাইরে থাকবেন। চিকিৎসক ও চিকিৎসাসেবায় নিয়োজিত অন্যান্য কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত যানবাহন ও কর্মীদের ক্ষেত্রেও ছুটি প্রযোজ্য হবে না।
জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোকেও এ ছুটির আওতার বাইরে রাখা হয়েছে।
ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা বাংলাদেশ ব্যাংক দেবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। একইভাবে আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।
বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে সাধারণ ছুটি কার্যকরের বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।