
দীর্ঘ অপেক্ষার পর নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। নতুন বেতন কাঠামোর আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের পুরো কাজ এবার অনলাইনে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শিগগিরই সরকারি চাকরিজীবীরা আইবাস প্লাস প্লাসে প্রবেশ করে নিজেদের নতুন বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’ সম্পন্ন করতে পারবেন।
অনলাইনে বেতন নির্ধারণের আইনি ভিত্তি
গত ১৭ সেপ্টেম্বর জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এর ৩২ নম্বর অনুচ্ছেদে অনলাইনে বেতন নির্ধারণের বিধান রাখা হয়েছে।
এই আইনি বিধান অনুসরণ করে পে ফিক্সেশন সম্পন্ন করার বিষয়ে অর্থ বিভাগ (ফাইন্যান্স ডিভিশন) জরুরি নির্দেশনা জারি করেছে।
নির্দেশনা অনুযায়ী, সরকারি কর্মচারীদের আইবাস প্লাস প্লাসের নির্ধারিত অপশনে প্রবেশ করে পে ফিক্সেশনের জন্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
তথ্য দেওয়ার আগেই দেখা যাবে নতুন বেতন
আইবাস প্লাস প্লাসে প্রয়োজনীয় তথ্য পূরণ করার পর তা চূড়ান্তভাবে জমা দেওয়ার আগেই সিস্টেমে নির্ধারণযোগ্য নতুন মূল বেতনের পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে।
অর্থাৎ, তথ্য সাবমিট করার আগে সংশ্লিষ্ট কর্মচারী নতুন বেতন কাঠামো অনুযায়ী তাঁর নির্ধারিত মূল বেতনের পরিমাণ দেখতে পারবেন।
গেজেটেড ও নন-গেজেটেড কর্মীদের প্রবেশপদ্ধতি আলাদা
গেজেটেড কর্মকর্তারা আইবাস প্লাস প্লাসে প্রবেশের জন্য তাঁদের নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করবেন।
অন্যদিকে নন-গেজেটেড কর্মচারীদের জন্য আইবাস প্লাস প্লাসে প্রবেশের পদ্ধতি হবে ভিন্ন। তাঁরা জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্মতারিখ ব্যবহার করে সিস্টেমে প্রবেশ করতে পারবেন।
এরপর নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো ওটিপি ব্যবহার করে পে ফিক্সেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
বিদেশে থাকা কর্মীদের জন্য ই-মেইলে ওটিপি
বিদেশে অবস্থানরত সরকারি কর্মচারীদের জন্যও অনলাইন পে ফিক্সেশনের ব্যবস্থা রাখা হয়েছে। তাঁদের ক্ষেত্রে আইবাস প্লাস প্লাসে নিবন্ধিত ই-মেইল ঠিকানায় ওটিপি পাঠানো হবে।
কোনো সরকারি কর্মচারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকলে পে ফিক্সেশনের আগে তাঁকে এনআইডির জন্য নিবন্ধন করতে হবে।
তথ্য যাবে ডিডিওর যাচাইয়ে
পে ফিক্সেশনের প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে তা সাবমিট করার পর সংশ্লিষ্ট কর্মচারীর নিবন্ধিত মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে একটি এসএমএস পাঠানো হবে।
এরপর জমা দেওয়া তথ্য যাচাইয়ের জন্য তা সংশ্লিষ্ট ড্রইং অ্যান্ড ডিসবার্সিং অফিসারের (ডিডিও) কাছে পাঠানো হবে।