
হরমুজ প্রণালিতে নির্বিঘ্ন নৌচলাচল নিশ্চিত করতে ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ জানিয়েছে ফ্রান্স। ইউরোপ ও এশিয়ার স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছে প্যারিস।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বানের কথা জানানো হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোট ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত ওই বৈঠকে হরমুজ ও বাব এল-মানদেব প্রণালিতে নৌচলাচলের বিষয়টি গুরুত্ব পায়।
বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রীই এই দুই গুরুত্বপূর্ণ নৌপথে ‘অবাধ নৌচলাচল নিশ্চিত করার অপরিহার্যতার’ ওপর জোর দেন।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বারোট বলেন, ইউরোপ ও এশিয়ার স্থায়িত্ব এবং সমৃদ্ধির জন্য হরমুজ ও বাব এল-মানদেব প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে এ দুটি নৌপথে অবাধ নৌচলাচল নিশ্চিত করতে ভারতের ফ্রান্সের সঙ্গে যৌথভাবে কাজ করা উচিত বলে প্রস্তাব দেন তিনি।
একই সঙ্গে হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা সুরক্ষায় ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ উদ্যোগের বিষয়টিও বৈঠকে তুলে ধরেন বারোট।
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকে বারোট ও জয়শঙ্কর আন্তর্জাতিক আইনের প্রতি দুই দেশের অভিন্ন অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।
পাশাপাশি কার্যকর ও সংস্কার করা একটি বহুপাক্ষিক ব্যবস্থার পক্ষে নিজেদের অবস্থানও তুলে ধরেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
সূত্র: আল জাজিরা