
ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় হতাহতদের খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। এ সময় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুই হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি স্বজনদের সঙ্গেও কথা বলেন। এ সময় অগ্নিকাণ্ডে নিহত নজরুল ইসলামের পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন তিনি।
হাসপাতাল পরিদর্শন শেষে ড. আবদুল মঈন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় অগ্নিকাণ্ডে হতাহতদের খোঁজ নিতে জরুরি ভিত্তিতে হাসপাতালে আসা হয়েছে। জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই প্রধানমন্ত্রী তাকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নিয়মিত হতাহতদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এই কঠিন সময়ে নিহত ও আহতদের পরিবারের পাশে সরকার রয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেও সরকারি সহায়তা দেওয়া হচ্ছে।
স্থানীয় সরকারমন্ত্রী দুর্ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আশুলিয়ার অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে সরকার রয়েছে। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত ও আহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশও দেন তিনি।
হাসপাতাল পরিদর্শনের সময় শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।