
সরকারের বড় সাফল্য স্বাস্থ্যখাতের কার্যক্রমের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, স্বাস্থ্যখাতকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ চিকিৎসা নিতে আসেন—এমন হাসপাতালগুলোর বরাদ্দও বাড়ানো হচ্ছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের নবনির্মিত রেসপিরেটরি ক্রিটিক্যাল কেয়ার ও ইন্টারকনভেনশনাল পালমোলজি সেন্টারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুই বছরের মধ্যে প্রতিটি উপজেলায় ডায়ালাইসিস মেশিন
কিডনি ডায়ালাইসিসের সুযোগ আরও বিস্তৃত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে চিকিৎসকদের দক্ষতা বাড়ানোর জন্য সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
২১ বছর পর সম্প্রসারিত হলো আইসিইউ সেবা
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউ সেবার সম্প্রসারণ নিয়েও বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি জানান, ২০০৫ সালে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালটি উদ্বোধন করেছিলেন। তবে এর দীর্ঘ ২১ বছর পর সেখানে আইসিইউ সেবা সম্প্রসারণ করা হলো।
নতুন আইসিইউতে ৪০টি শয্যা যুক্ত করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।