
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তালিকা থেকে ৫৯ লাখ সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, সরবরাহ ও সাপ্লাই চেইনের মধ্যে এক ধরনের বৈষম্য রয়েছে। এ কারণে বাজারে এখনো স্থিতিশীলতা আসেনি। ভর্তুকির মাধ্যমে টিসিবি যে কার্যক্রম পরিচালনা করছে, তা দেশের মানুষের জন্য উপকারী হবে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী জানান, টিসিবির কার্ড ডিজিটাল ব্যবস্থায় রূপান্তর করায় বছরে প্রায় ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে।
তিনি আরও বলেন, টিসিবির সুবিধাভোগীদের তালিকা যাচাই ও ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছানো সহজ হবে।