
এশিয়ান গেমসের নারী ক্রিকেটে কোনো বল মাঠে না গড়িয়েই সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাপানের নাগোয়ায় কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে খেলার কথা ছিল নিগার সুলতানা জ্যোতির দলের। তবে সকাল থেকে টানা বৃষ্টির কারণে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়।
বৃষ্টির কারণে দুই দলের অধিনায়ক টস করতেও মাঠে নামতে পারেননি। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সরাসরি সেমিফাইনালের টিকিট পায় বাংলাদেশ। বর্তমানে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে, আর চীন রয়েছে ৩৭ নম্বরে।
নাগোয়ার বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার কারণে ম্যাচের আগের দিনগুলোতেও পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারেনি বাংলাদেশ নারী দল। টুর্নামেন্টের প্রথম দিন স্থানীয় সময় সকাল ৯টায় নিশিনের কোরিগি অ্যাথলেটিক পার্কে ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়নি।
নিয়ম অনুযায়ী, ২০ ওভারের ম্যাচ আয়োজন করা সম্ভব না হলে সুপার ওভারের মাধ্যমে ফল নির্ধারণের সুযোগ ছিল। কিন্তু বৃষ্টি অব্যাহত থাকায় সেটিও আয়োজন করা যায়নি। শেষ পর্যন্ত দুই দলের আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিং বিবেচনায় নিয়ে বাংলাদেশকে সেমিফাইনালে পাঠানো হয়।
আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় বেলা ১১টায় কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হবে জাপান। ওই ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।
এশিয়ান গেমসে নারী ক্রিকেটে বাংলাদেশের রয়েছে তিনটি পদক—দুটি রুপা ও একটি ব্রোঞ্জ। এবারও পদক জয়ের আশাবাদ জানিয়েছেন দলের ব্যাটার সোবহানা মুশতারি। চীনের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এর আগে আমরা এশিয়ান গেমসে একটা পদক পেয়েছি। আশা করছি, এবারও একটা পদক নিয়ে দেশে ফিরতে পারব।’
চীনের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল বিশেষ তাৎপর্যের। ২০১০ সালের এশিয়ান গেমসের সেমিফাইনালে চীনকে ৩৪ রানে অলআউট করে মাত্র ৭ ওভারে ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশ। তবে ওই ম্যাচটি আন্তর্জাতিক স্বীকৃতির আওতায়