
মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউএস কনস্টিটিউশন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ফ্রিডম অব স্পিচ বা মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেন না হয়, সেদিকেও খেয়াল রেখে সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে।
তিনি বলেন, ‘মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই সরকার করবে।’ এর আগে আইনটি নিয়ে গণমাধ্যমের সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মো. আসাদুজ্জামান বলেন, নতুন সাইবার সুরক্ষা আইনে অনলাইনে সাংবাদিকতার নামে কেউ যেন অপতথ্য ছড়াতে না পারে, সেই বিষয়টিও বিবেচনায় রাখা হবে।