
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক দিনের এই সফরে দিনভর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে সিলেটের মানুষের মধ্যেও দেখা দিয়েছে উৎসাহ-উচ্ছ্বাস।
সফরসূচি অনুযায়ী, সিলেটে পৌঁছানোর পর হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর বিকেলে সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। সব কর্মসূচি শেষে রাতে ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ার কথা রয়েছে তার।
রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত সফরসূচিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিটে ওসমানী বিমানবন্দরে পৌঁছাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিমানবন্দর থেকে তিনি সরাসরি সিলেট সার্কিট হাউসে যাবেন। সেখানে কিছু সময় অবস্থানের পর দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বেলা ১টা ২৫ মিনিটে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করার কথা রয়েছে তার।
পরে বিকেল সাড়ে তিনটায় নগর ভবনের সামনে সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন রাষ্ট্রপতি। কর্মসূচি শেষে রাত ৮টায় ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
এর আগে সফরসংক্রান্ত কর্মসূচিতে বিকেল তিনটায় সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতির অংশ নেওয়ার কথা জানানো হয়েছিল।
রাষ্ট্রপতির সফরকে সামনে রেখে ইতোমধ্যে সিলেটজুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ। পাশাপাশি বিভিন্ন এলাকায় করা হয়েছে আলোকসজ্জা।
রাষ্ট্রপতির যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাগুলোও পরিচ্ছন্ন করা হয়েছে। সফরের কর্মসূচির স্থান, যাতায়াতের পথ এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
রাষ্ট্রপতির সফর উপলক্ষে হযরত শাহপরান (রহ.)-এর মাজার এলাকায় নেওয়া প্রস্তুতি ও চলমান উন্নয়নকাজ রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পরিদর্শন করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
পরিদর্শনের সময় তিনি মাজার এলাকা ঘুরে দেখেন। একই সঙ্গে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিসিকের পক্ষ থেকে নেওয়া প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত খোঁজ নেন।
সিসিক প্রশাসক বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর মাজারসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উন্নয়ন ও সংস্কারকাজে সিলেট সিটি করপোরেশন নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রপতির সফর উপলক্ষে এসব কাজ আরও দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটের স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তার পাশাপাশি সফরসংশ্লিষ্ট প্রয়োজনীয় সব ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
রাষ্ট্রপতির সফরকে সামনে রেখে গত শনিবার সমন্বয় সভা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সভায় সভাপতিত্ব করেন এসএমপির পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
রাষ্ট্রপতির নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
এক দিনের এই সফরে রাষ্ট্রপতির কর্মসূচিকে ঘিরে সিলেটের প্রশাসন, সিটি করপোরেশন ও নিরাপত্তা সংস্থাগুলো সমন্বিতভাবে প্রস্তুতি নিচ্ছে।