
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। সোমবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪১তম সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।
সভায় আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব উপস্থাপন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। পরে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি অনুমোদন দেয়।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে ১৩-১৪ সেপ্টেম্বর সময়ে এক কার্গো এলএনজি কেনা হবে। এ জন্য প্রতি এমএমবিটিইউর দাম নির্ধারণ করা হয়েছে ২৪ দশমিক ৬২৫ মার্কিন ডলার।
অন্যদিকে টোটাল এনার্জি থেকে ২৩-২৪ সেপ্টেম্বর সময়ে আরও এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউর দাম পড়বে ২৪ দশমিক ২৫ মার্কিন ডলার।
এলএনজি কেনার প্রস্তাবসহ সভায় মোট ১৩টি ক্রয় প্রস্তাব উপস্থাপন করা হয়।