
দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এ ধরনের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন ঢাকার বাসিন্দা। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন আরও ৮৩ জন।
রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৩৯ শিশু। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর। উপসর্গ ও নিশ্চিত হাম—দুই হিসাব মিলিয়ে এ সময়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৮ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত ৮৩ জনসহ ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৪৮৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গযুক্ত রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৬৫২ জনে।
তথ্য অনুযায়ী, এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩১ হাজার ৬৬৪ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯২১ জন।