
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের খোঁজ নিতে দক্ষিণ সুদান ও আবেই অঞ্চলে পৌঁছেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, শনিবার পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেইয়ের উদ্দেশে রওনা হন সেনাপ্রধান। সফরে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টগুলো পরিদর্শন করবেন।
এ ছাড়া সফরকালে রাষ্ট্রীয় ও মিশনসংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করার কথা রয়েছে জেনারেল ওয়াকার-উজ-জামানের।