
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম চূড়ান্ত করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
বৈঠক শেষে জোটের অন্যতম প্রধান শরিক জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে অলি আহমদের নাম ঘোষণা করেন। তিনি জানান, জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতাদের সর্বসম্মত সিদ্ধান্তে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য অলি আহমদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বৈঠকে জোটের শরিক এলডিপির চেয়ারম্যান ও রাষ্ট্রপতি পদে মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার সভাপতি রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও নাসিরুদ্দিন পাটোয়ারীসহ অন্যান্য নেতারা অংশ নেন।
এর আগে শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দলটির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তী সময়ে জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে ক্ষমতাসীন দল বিএনপি নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় সংসদের বর্তমান কাঠামো অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটেই দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।