
দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং বন্দর, লজিস্টিকস ও মানবসম্পদ খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে চার দিনের সরকারি সফরে সিঙ্গাপুর যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সিঙ্গাপুর সরকারের আমন্ত্রণে আজ রোববার (৯ আগস্ট) দেশটির উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটি বাংলাদেশের বর্তমান মন্ত্রিসভার কোনো সদস্যের প্রথম সরকারি সিঙ্গাপুর সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, শামা ওবায়েদের এই সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সফরে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র-প্রতিমন্ত্রী ও জনশক্তিবিষয়ক প্রতিমন্ত্রীসহ দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন শামা ওবায়েদ। পাশাপাশি তিনি একটি বন্দর ও প্রযুক্তি কেন্দ্র পরিদর্শন এবং প্রবাসী বাংলাদেশিদের স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রতিনিধিদলসহ ঢাকা ত্যাগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সিঙ্গাপুর বিমানবন্দরে বাংলাদেশ হাইকমিশনের সিডিএ এবং সিঙ্গাপুরে বাংলাদেশের জন্য নিযুক্ত নন-রেসিডেন্ট হাইকমিশনার তাকে ও প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানাবেন। সন্ধ্যায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রতিমন্ত্রী ও তার সফরসঙ্গীদের সম্মানে অভ্যর্থনা নৈশভোজের আয়োজন করা হবে।
সিঙ্গাপুরে প্রায় দেড় লাখ বাংলাদেশি নাগরিক বসবাস করেন। তাদের পাঠানো কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই অবদানের স্বীকৃতি দিতে আগামীকাল সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় আয়োজিত ‘রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শামা ওবায়েদের।
সফরের পরদিন মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সিঙ্গাপুরের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনাল পরিদর্শন করবেন তিনি।
সিঙ্গাপুরভিত্তিক পিএসএ ইন্টারন্যাশনাল বিশ্বের অন্যতম বৃহৎ বন্দর অপারেটর। প্রতিষ্ঠানটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্পে অংশগ্রহণ ও বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, সেখানে পিএসএর সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ প্রায় ১ বিলিয়ন ডলার।
তবে পিএসএর সঙ্গে বে টার্মিনাল প্রকল্পের চূড়ান্ত কনসেশন বা অপারেটিং চুক্তি এখনো স্বাক্ষরিত হয়নি। এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং প্রকল্পটি এগিয়ে নিতে কাজ চলছে।
এদিকে পিএসএর সহযোগী প্রতিষ্ঠান পিএসএ মেরিন ইতোমধ্যে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। সামিট এলএনজি টার্মিনালের সঙ্গে ১৫ বছরের চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি সাপোর্ট ভেসেল সার্ভিস দিচ্ছে। সিঙ্গাপুর সরকার ও পিএসএ—উভয় পক্ষই বন্দর ও লজিস্টিকস খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করে আসছে।
মঙ্গলবারই সিঙ্গাপুরের জনশক্তিবিষয়ক প্রতিমন্ত্রী দিনেশ ভাসু দাসের সঙ্গে বৈঠক করবেন শামা ওবায়েদ। বৈঠকে বাংলাদেশ থেকে বৈধপথে প্রবাসী কর্মী পাঠানোসহ মানবসম্পদ রপ্তানির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
দুপুরে সিঙ্গাপুরের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলকারনাইন বিন আব্দুল রহিমের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরে তার সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেবেন তিনি। বিকেলে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শামা ওবায়েদ।
এরপর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান তুয়াসওয়ান পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার।
চার দিনের সফর শেষে বুধবার ঢাকার উদ্দেশে সিঙ্গাপুর ছাড়বেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।