
মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ তাকে হাজির করা হলে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম কারাগারে পাঠানোর আবেদন জানান। শুনানি শেষে ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শুনানির সময় ট্রাইব্যুনালের উদ্দেশে বক্তব্য দেওয়ার চেষ্টা করেন আবদুল লতিফ সিদ্দিকী। তবে আদালত তার বক্তব্য শোনেননি। এ সময় তিনি নিজের ফাঁসির দাবি জানান। পরে আদালত কক্ষে দায়িত্বরত পুলিশের সঙ্গে তার কিছুটা বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে হাতকড়া পরিয়ে আদালত থেকে বের করে নেওয়া হয়।
শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন তার ভাই বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। পরে তিনি দাবি করেন, তার বড় ভাইকে অন্যায়ভাবে এই মামলায় আসামি করা হয়েছে এবং তারা এ বিষয়ে আইনি লড়াই চালিয়ে যাবেন।
এর আগে গত সোমবার শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম জানান, মামলার ১০ নম্বর আসামি আবদুল লতিফ সিদ্দিকী ২০১৩ সালে তৎকালীন বস্ত্র ও পাটমন্ত্রী হিসেবে শাপলা চত্বরের গণহত্যার পরিকল্পনাকারীদের একজন ছিলেন।
ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর গুলশান-১ এলাকার নিজ বাসভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।