
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আজ রোববার (২৬ জুলাই) প্রথম কর্মদিবস শুরু করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রাষ্ট্রীয় বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচির মধ্য দিয়ে তিনি দায়িত্ব পালনের কার্যক্রম শুরু করবেন। একই দিনে সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বঙ্গভবন ত্যাগেরও কথা রয়েছে।
সূচি অনুযায়ী, সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।
রাষ্ট্রীয় কর্মসূচি শেষে দুপুরে বঙ্গভবনে গিয়ে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যদিও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি বঙ্গভবনে বসবাস করবেন না, তবে সেখান থেকেই রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ দুপুরের মধ্যে বঙ্গভবন ছাড়বেন। তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন। এ লক্ষ্যে তার বাসভবনে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।