
কুমিল্লায় টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগের পর পরীক্ষা পরিচালনায় জরুরি সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় কুমিল্লা সরকারি মহিলা কলেজের পরীক্ষাকেন্দ্র পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে না পারা শিক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় ৩০ মিনিট বাড়ানো হয়েছে।
সোমবার (১৩ জুলাই) কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু জানান, জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের নৌকায় করে কেন্দ্রে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে তিনি পরিস্থিতির খোঁজ নেন। সার্বিক অবস্থা জানানো হলে পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে কেন্দ্র পরিবর্তন এবং অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা বর্ষণে কুমিল্লা নগরের মনোহরপুর এলাকার সরকারি মহিলা কলেজ কেন্দ্রসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। এতে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি।
জলাবদ্ধতার কারণে কেউ নৌকায়, আবার কেউ কোমরসমান পানি মাড়িয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান। পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ সহজ করতে কেন্দ্রের ভেতরেও নৌকার ব্যবস্থা করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার মাত্র তিন ঘণ্টায় কুমিল্লায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে নগরের প্রধান সড়ক, অলিগলি এবং আবাসিক এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। অনেক বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে।