
পরিবেশ সংরক্ষণে সরকারের পাশাপাশি প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। অন্য দেশের পরিবেশ দেখে আক্ষেপ করার আগে নিজেদের আশপাশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিজেদেরই নিতে হবে।
সোমবার (১৩ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে বরিশাল নগরীর ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরদী খালের দুই তীরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে। যেমন নিজের ঘর পরিষ্কার না রাখলে তা নোংরা হয়ে যায়, তেমনি নিজ নিজ এলাকা, পাড়া ও দেশ পরিচ্ছন্ন না রাখলে এর ভোগান্তিও আমাদেরই পোহাতে হবে। অন্য দেশের পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ দেখে আফসোস করার আগে নিজেদের দেশকে সুন্দর রাখার দায়িত্ব নিতে হবে।
তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। সম্প্রতি দেশ থেকে স্বৈরাচারকেও বিদায় করা হয়েছে। একইভাবে সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে দেশের ও মানুষের কল্যাণে কাজ করে, তাহলে পুরো জাতিই তার সুফল ভোগ করবে।
বৃক্ষরোপণের পর গাছের পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। স্থানীয় বাসিন্দা, দলীয় নেতাকর্মী এবং কর্মসূচিতে অংশগ্রহণকারী সবাইকে লাগানো প্রতিটি গাছের যত্ন নিতে হবে। গাছ বড় হলে যেমন পরিবেশ আরও মনোরম হবে, তেমনি সাগরদী খালের সৌন্দর্যও বৃদ্ধি পাবে।
খাল রক্ষায় স্থানীয় জনগণের দায়িত্বের কথাও তুলে ধরেন তিনি। তারেক রহমান বলেন, খাল সংরক্ষণ শুধু সিটি করপোরেশনের কাজ নয়; খালের দুই তীরের বাসিন্দাদেরও এ বিষয়ে সচেতন থাকতে হবে। কেউ যেন খালে পলিথিন, প্লাস্টিকের বোতল বা অন্য কোনো বর্জ্য না ফেলেন এবং অন্যদেরও এ ধরনের কাজ থেকে বিরত রাখতে হবে।
তিনি আরও বলেন, সব ধরনের বর্জ্য সিটি করপোরেশনের নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে। পাশাপাশি খালের সঙ্গে ড্রেন ও পয়োনিষ্কাশন (স্যুয়ারেজ) লাইন সংযুক্ত না করার জন্য বরিশাল সিটি করপোরেশনকে নির্দেশ দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ড্রেন ও পয়োনিষ্কাশনের পানি খালে পড়লে খালের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয় এবং এর স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি, বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা প্রশাসক মামুন খন্দকার, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক হয়ে বরিশালের গৌরনদীর বাটাজোরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বরিশাল সফর। সেখানে স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। পরে গৌরনদীতে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বরিশাল নগরীর উদ্দেশে রওনা হন। দুপুর ২টার দিকে সড়কের দুই পাশে গড়ে ওঠা মানবপ্রাচীরের মধ্য দিয়ে তার গাড়িবহর নগরীর বান্দ রোড এলাকায় পৌঁছায়।