
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধের হুমকির মধ্যে এবার সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে ১৩ জন বিদেশি নেতার ছবি-সংবলিত একটি তালিকা প্রকাশ করেছে দেশটির রক্ষণশীল দৈনিক হামশাহরি। তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইউরোপের কয়েকজন শীর্ষ নেতার নাম রয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর প্রথম দিন, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। এর পরপরই তার ছেলে ও উত্তরসূরি মোজতবা খামেনি হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন।
শনিবার প্রকাশিত এক বার্তায় মোজতবা খামেনি বলেন, ‘প্রতিশোধ আমাদের জাতির ইচ্ছা এবং তা অবশ্যই বাস্তবায়িত হবে। যাদের নাম তালিকায় রয়েছে, তারা শান্তিপূর্ণ মৃত্যুর আশা নিয়েই কবর পর্যন্ত যাবে।’ তবে ওই বক্তব্যে তিনি কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি।
এর কিছু সময় পর তেহরান সিটি কর্তৃপক্ষের প্রকাশিত হামশাহরি পত্রিকার অনলাইন সংস্করণে একটি ইনফোগ্রাফিক প্রকাশ করা হয়। সেখানে মোজতবা খামেনির ওই বক্তব্যের সঙ্গে ১৩ জন বিদেশি নেতার ছবি যুক্ত করা হয়। তবে এএফপির তথ্য অনুযায়ী, তালিকাটি ইরান সরকারের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে কি না, তা নিশ্চিত করা হয়নি।
প্রকাশিত তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মেরৎসের ছবিও রয়েছে।
যুদ্ধ চলাকালে ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে তেহরান অভিযোগ তোলে যে, তারা ইরানের ভূখণ্ডে হামলার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দিয়ে হামলায় সহযোগিতা করার অভিযোগও করে ইরান।