
জাতীয় সংসদ অধিবেশন পরিদর্শনে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ অধিবেশন শুরুর আগে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন এবং ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে নিজেদের দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি পাঠ্যক্রমের বাইরে শারীরিক শিক্ষা, শিল্পচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের গুরুত্বও তুলে ধরেন তিনি।
বিএনপি সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ দেওয়া হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক ও শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তারা জাতীয় সংসদ ভবনের অনন্য স্থাপত্যশৈলী ঘুরে দেখেন, সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং ভবনের বিভিন্ন স্থানে স্মৃতিচারণমূলক ছবি তোলেন। পরে তারা সংসদ অধিবেশনের কার্যক্রম সরাসরি উপভোগ করেন।
এ সময় জিঞ্জিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।