
বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ. ডি-কার্লোর সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ওই বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বিশ্ব শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ কার্যক্রমে দেশের অগ্রাধিকারমূলক বিষয়গুলো তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও ধারাবাহিক সহযোগিতা কামনা করেন তিনি।
বৈঠকে রোজমেরি এ. ডি-কার্লো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের ধারাবাহিক অবদানকেও গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন তিনি।