
প্রাথমিক শিক্ষকদের বেতন ধাপে ধাপে বৃদ্ধি এবং তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ২০ লাখ শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণ করা হবে।
শিক্ষাখাত নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়া হলেও মানবসম্পদ উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি।
কৃষি খাতের প্রসঙ্গ তুলে তিনি জানান, কৃষিভিত্তিক যেসব শিল্পকারখানা বন্ধ রয়েছে, সেগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কৃষিকে আরও আধুনিক ও উৎপাদনশীল করতে প্রচলিত পদ্ধতির পরিবর্তে উন্নত প্রযুক্তি ব্যবহারে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এ সময় তিনি জানান, সরকার চীনে কাঁঠাল রপ্তানির উদ্যোগও নিয়েছে।
পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এছাড়া সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে দেশের পুঁজিবাজার ধীরে ধীরে ইতিবাচক ধারায় ফিরছে বলেও উল্লেখ করেন তিনি।