
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে মন্ত্রিসভার সদস্যদেরও স্বেচ্ছায় বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বলেও জানান তিনি।
সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে মন্ত্রীদের উদ্দেশে একটি ব্যক্তিগত উদ্যোগের কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, তার বাবা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতেন, যাতে সেই অর্থ দরিদ্র মানুষের কল্যাণ বা রাষ্ট্রীয় প্রয়োজনে ব্যয় করা যায়। সেই অনুশীলন অনুসরণ করেই তিনিও এখন প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন।
স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, তার মূল বেতন এক লাখ ১৫ হাজার টাকা। এর ১০ শতাংশ, অর্থাৎ ১১ হাজার ৫০০ টাকা প্রতি মাসে বেতন অ্যাকাউন্টে জমা হওয়ার পর সরকারি হিসাবে ফেরত পাঠিয়ে দেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী বিষয়টিকে কোনো নির্দেশনা হিসেবে নয়, বরং ব্যক্তিগত উদ্যোগ হিসেবে মন্ত্রীদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশে জানিয়েছেন, কেউ চাইলে তার এ উদ্যোগ অনুসরণ করতে পারেন, আবার না করলেও কোনো বাধ্যবাধকতা নেই। তবে সামর্থ্য থাকলে প্রতি মাসে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রীর এ বক্তব্যে মন্ত্রিসভার সদস্যরা ইতিবাচক সাড়া দিয়েছেন এবং বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন।