
মালয়েশিয়ায় আটক বাংলাদেশি নাগরিকদের মুক্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। দেশটির কারাগারে থাকা বাংলাদেশিদের বিষয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২১ জুন) প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, বর্তমানে মালয়েশিয়ায় দুই হাজারের বেশি বাংলাদেশি বিভিন্ন কারণে আটক অবস্থায় রয়েছেন। তাদের বিষয়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য সমাধানের পথ খোঁজা হবে।
তিনি বলেন, “আগামীকাল মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব। আইনের ভেতরে থেকে যতটুকু সুবিধা আদায় করা সম্ভব, সরকার সেটিই করার চেষ্টা করবে।”
প্রবাসীদের উদ্দেশে তারেক রহমান বলেন, যে দেশে অবস্থান করা হবে, সে দেশের আইন ও বিধিবিধান মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন মেনে চললে অনেক ধরনের জটিলতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে যাওয়া সম্ভব।
এ সময় তিনি আরও জানান, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং শ্রমবাজার সম্প্রসারণে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।
বিদেশগামী কর্মীদের দক্ষতা বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কর্মীদের ভাষা শিক্ষা ও আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা জোরদার করা হবে। পাশাপাশি দেশের কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সময়োপযোগী ও দক্ষতাভিত্তিক করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় বিশেষ গুরুত্ব পাবে