
দেশের সীমান্তগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্কাবস্থান নেওয়ায় এবং টহল ও গোয়েন্দা নজরদারি ব্যাপক জোরদার করায় গত চব্বিশ ঘণ্টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নতুন কোনো পুশইন চেষ্টা সফল হয়নি। তীব্র উত্তেজনাকর পরিস্থিতির পর বিজিবির শক্ত প্রতিরোধ এবং সীমান্তবাসীর জাগ্রত প্রহরার মুখে অবশেষে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় সীমান্তের শূন্যরেখা থেকে পুশইন চেষ্টার শিকার ২১ জন বাংলাভাষীকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ।
উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন স্পর্শকাতর সীমান্তে বিজিবি তাদের জনবল বৃদ্ধির পাশাপাশি অবস্থান আরও শক্তিশালী করেছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর:
ঠাকুরগাঁও:
দীর্ঘ টানটান উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তের শূন্যরেখা (জিরো লাইন) থেকে ১১ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। পুশইনের শিকার এই দলের মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে; যাদের মধ্যে একজন নারী অন্তঃসত্ত্বা। আজ সোমবার সকাল ৮টার দিকে বিএসএফ কর্তৃক তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।
পঞ্চগড়:
টানা ৭০ ঘণ্টার অবরুদ্ধ দশা শেষে পঞ্চগড়ের প্রধানপাড়া বড়বাড়ি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা পুশইন চেষ্টার শিকার সেই ১০ জন নারী, শিশু ও পুরুষকে সরিয়ে নিয়েছে বিএসএফ। গতকাল রোববার রাত ২টা ৩০ মিনিটে বিএসএফ তাদের সেখান থেকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। এর মধ্য দিয়ে পঞ্চগড় সীমান্তে পুশইনের অপচেষ্টাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে তৈরি হওয়া দীর্ঘ জটিলতার অবসান ঘটল।
কুড়িগ্রাম:
ভারত থেকে অবৈধ উপায়ে বাংলাভাষী লোকজনকে বাংলাদেশে পুশইন করার একের পর এক ঘটনার পরিপ্রেক্ষিতে সীমান্ত লাগোয়া কুড়িগ্রাম জেলার বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বহুগুণ বাড়িয়েছে বিজিবি। কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করেছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে যৌথ টহল, কঠোর গোয়েন্দা নজরদারি এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে।
ফুলবাড়ী (দিনাজপুর):
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক বাংলাভাষী ভারতীয় নাগরিকদের বাংলাদেশে জোর করে পুশইন করার চেষ্টা রুখে দিতে দিনরাত কড়া পাহারা দিচ্ছে ২৯ বিজিবি। জানা গেছে, বিএসএফ গত কয়েকদিনে দিনাজপুরের ফুলবাড়ী, হিলি ও বিরামপুর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুদের পুশইনের অপচেষ্টা চালায়। তবে বিজিবির কঠোর অবস্থান ও অনমনীয় বাধার মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) সোমবার জানান, “বিজিবি কড়া নজর রাখছে, যাতে ভারতীয় কোনো নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে না পারে। সেই সাথে চোরাচালান দমনে কঠোর অভিযান চালানো হচ্ছে।”
ব্রাহ্মণবাড়ীয়া:
সীমান্ত পথ ব্যবহার করে মাদক পাচার, চোরাচালান ও যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ শক্ত হাতে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্টে টহল জোরদার করেছে বিজিবি। আজ সোমবার জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া সীমান্ত এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, ২৫ বিজিবির সিঙ্গারবিল ক্যাম্পের জোয়ানরা সীমান্তজুড়ে নিশ্ছিদ্র প্রহরা চালাচ্ছেন।
সার্বিক প্রস্তুতির বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ২৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ বলেন, “সীমান্তের বিভিন্ন পয়েন্টে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের সন্দেহজনক কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন।”
এদিকে বিজিবির পাশাপাশি সীমান্ত এলাকায় সন্দেহভাজন চলাচল ও যেকোনো অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় বাসিন্দারাও লাঠিসোঁটা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন বলে খবর পাওয়া গেছে।