
ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন লাখো মানুষ। ঘরমুখো এই যাত্রাকে নির্বিঘ্ন রাখতে রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও ফিটনেসবিহীন যান চলাচলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
তিনি বলেন, ঈদকে ঘিরে রাজধানীতে পশুর হাট, বাস টার্মিনাল, ব্যাংক, ঈদের জামাত এবং ছুটিকালীন ফাঁকা ঢাকার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নগরবাসী ও ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ট্রাফিক পরিকল্পনাও বাস্তবায়ন করা হয়েছে।
ডিএমপি কমিশনার জানান, ঢাকার দুই সিটি করপোরেশনের নির্ধারিত প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। প্রতিটি হাটে দৃশ্যমান পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্য, সাব-কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। জাল নোট শনাক্তে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় হাটগুলোতে বিশেষ মেশিনও রাখা হয়েছে।
তিনি আরও বলেন, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও জাল নোট চক্রের তৎপরতা ঠেকাতে ডিবিসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা ২৪ ঘণ্টা কাজ করছেন। নগদ অর্থ পরিবহনে ঝুঁকি এড়াতে মানি এসকর্ট সার্ভিস চালু রাখা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহলের সঙ্গে বাড়ানো হয়েছে মোবাইল টিম, ফুট পেট্রোল ও চেকপোস্ট কার্যক্রম।
মোসলেহ উদ্দিন আহমদ বলেন, পশুর হাটগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। রাজধানীর প্রবেশপথ গাবতলী, উত্তরা ও যাত্রাবাড়ীতে বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। পশুবাহী ট্রাক নির্ধারিত হাট ছাড়া অন্য কোথাও যেন জোরপূর্বক থামানো না হয়, সে বিষয়েও নজরদারি রাখা হচ্ছে।
ঈদযাত্রাকে কেন্দ্র করে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশনগুলোতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, সদরঘাট ও কমলাপুর এলাকায় পুলিশ কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।
অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘প্রত্যেক টার্মিনালে আমাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজ করছেন। বিআরটিএ ভিজিল্যান্স টিমও মাঠে রয়েছে। কোনো অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নিচ্ছেন। আমাদের নজরে এলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
তিনি জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, ধারণক্ষমতার বেশি যাত্রী বহন এবং মহাসড়কে ফিটনেসবিহীন যান চলাচলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে পশুর হাটের কারণে সড়কে যানজট এড়াতে হাটের সীমানার বাইরে রাস্তা বা ফুটপাতে পশু রাখতে না দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
ঈদ সামনে রেখে রাজধানীতে জনচাপ বাড়তে থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার।