
ইসলামিক ফাউন্ডেশনের শীর্ষ পদে বড় পরিবর্তন এসেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভীকে সংস্থাটির নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।
গতকাল বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ গোলান রাব্বানী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে চুক্তিভিত্তিক এই নিয়োগের শর্ত উল্লেখ করে বলা হয়, "ইসলামিক ফাউন্ডেশন আইন ১৯৭৫-এর ধারা ৫ (ক)(১) ও (২) অনুযায়ী জনাব মুহিব্বুল্লাহিল বাকীকে অন্য যে কোনো পেশা,ব্যবসা, কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।"
এক নজরে নতুন মহাপরিচালকের পরিচিতি
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় জন্ম নেওয়া মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী দেশের ইসলামিক স্কলারদের মধ্যে অন্যতম। কওমি ও আলিয়া—উভয় ধারার শিক্ষার পাশাপাশি প্রচলিত শিক্ষা ব্যবস্থাতেও তাঁর সমান দক্ষতা রয়েছে।
শিক্ষাজীবন: তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী মাদ্রাসা এবং ভারতের লখনৌর বিখ্যাত নদওয়াতুল উলামা থেকে উচ্চশিক্ষা নিয়েছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকেও তিনি পড়াশোনা শেষ করেন।
কর্মজীবন: কর্মজীবনে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামসহ (আইআইইউসি) একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। পাশাপাশি চট্টগ্রামের ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এবং পরবর্তীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
ধর্মীয় ও শিক্ষাক্ষেত্রের পাশাপাশি অর্থনীতি ও ব্যাংকিং খাতেও তাঁর ব্যাপক কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোনালী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং এনআরবি গ্লোবাল ব্যাংকসহ দেশের বেশ কয়েকটি নামী ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্য হিসেবে যুক্ত আছেন।