
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বর্তমান সরকারের মধ্যেই নতুন করে এস আলম ও সালমান এফ রহমানের মতো প্রভাবশালী ব্যবসায়িক বলয় তৈরির প্রতিযোগিতা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় ‘বৈশ্বিক অনিশ্চয়তায় বাংলাদেশের বাজেট : কর্মসংস্থান, বিনিয়োগ ও সংস্কারে অগ্রাধিকার এবং জনপ্রত্যাশার বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, সরকার যেভাবে পরিচালিত হচ্ছে, তাতে সংস্কার ও জনগণের প্রত্যাশা পূরণের সম্ভাবনা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, সংসদীয় আলোচনায় বিরোধীদের মতামত উপেক্ষা করে সরকার নিজেদের মতো করে আইন পাস করছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক।
তিনি আরও বলেন, রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় অর্থনৈতিক সংস্কারের অগ্রগতিও বাধাগ্রস্ত হচ্ছে। তার মতে, ব্যাংকিং খাতে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও ঋণ বিতরণে প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণ এখনো পুরোপুরি বন্ধ হয়নি।
নাহিদ ইসলাম দাবি করেন, অতীতে যেসব বড় কর্পোরেট গোষ্ঠী ঋণ নিয়ে অর্থ পাচার ও খেলাপিতে জড়িয়েছে, সেই সংস্কৃতি বন্ধ না হলে নতুন করে একই ধরনের শক্তি তৈরি হওয়ার আশঙ্কা থেকেই যায়।
তিনি বলেন, বিনিয়োগ বৃদ্ধির জন্য আগে দেশীয় ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনা জরুরি। তার মতে, আস্থা না থাকলে বিদেশি বিনিয়োগও আসবে না।
আলোচনায় তিনি আরও বলেন, সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ও সংস্কারের যে লক্ষ্য নিয়েছে, তা বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা ও কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। একই সঙ্গে তিনি কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ ব্যবস্থায় বৈষম্যের বিষয়ও তুলে ধরেন।
নাহিদ ইসলাম জানান, চলমান সংকট থেকে বের হতে হলে রাজনৈতিক দল, সরকার ও সব পক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।