
সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। আগামী ৩০ জুনের মধ্যে বকেয়াসহ চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ করতে বলা হয়েছে। একই সঙ্গে জমি সুরক্ষিত রাখতে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের ওপর জোর দিয়েছে সরকার।
মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, কোনো ঝামেলা ছাড়াই নাগরিকরা এখন ঘরে বসে land.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ স্মার্ট ও স্বচ্ছ করতে সরকার এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করেছে।
ভূমি মন্ত্রণালয়ের তথ্যমতে, ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য নাগরিকদের প্রথমে নির্ধারিত পোর্টালে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর ধাপে ধাপে খতিয়ান ও জোত সংক্রান্ত তথ্য প্রদান করে করের পরিমাণ জানা যাবে এবং মোবাইল ব্যাংকিং বা ব্যাংক কার্ডের মাধ্যমে তা পরিশোধ করা যাবে।
মন্ত্রণালয়ের বার্তায় আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করে জমি সুরক্ষিত রাখতে হবে। সময়মতো কর পরিশোধ না করলে পরবর্তীতে আইন অনুযায়ী বকেয়ার ওপর সুদ আরোপ হতে পারে।
সাধারণত সরকারি অর্থবছর শেষ হয় ৩০ জুন। তাই আর্থিক হিসাব সম্পন্ন করা এবং ভবিষ্যতের আইনি জটিলতা এড়াতে এই সময়ের মধ্যেই খাজনা পরিশোধ করার পরামর্শ দেওয়া হয়েছে।
অনলাইন পদ্ধতি চালুর ফলে এখন আর ইউনিয়ন ভূমি অফিসে সশরীরে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়ছে না। এতে সাধারণ মানুষের সময় ও অর্থ—দুইই সাশ্রয় হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
ভূমি মন্ত্রণালয় আশা করছে, ডিজিটাল এই রূপান্তরের মাধ্যমে ভূমি কর আদায়ে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে আসবে।