
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ রিটটি করেন।
রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হবে। তবে এ কারণে তিনি পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না।
রিটকারী আইনজীবীর বক্তব্য, সংবিধানের এই বিধানের কারণে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার সীমিত হয়ে পড়ে। এর ফলে তাদের গণতান্ত্রিক অধিকারও বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করা হয়েছে। এ পরিস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের চলমান প্রক্রিয়া স্থগিত করতে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
এদিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে।
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য এরই মধ্যে তফসিলসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনকে ‘নির্বাচনী কর্তা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট। এরপর ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া চলার মধ্যেই সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে রিট দায়ের হওয়ায় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।