
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের একটি অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের সঙ্গে সরকারের এই মতবিনিময় সভা একটি নিয়মিত কার্যক্রম। প্রধানমন্ত্রী উদ্বোধনের পর বিভিন্ন মন্ত্রণালয় পর্যায়ক্রমে তাদের দিকনির্দেশনা তুলে ধরে। এরই ধারাবাহিকতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশ একটি রূপান্তরিত গণমাধ্যম ইকোসিস্টেমের দিকে এগোচ্ছে। অতীতে এ পরিবর্তনকে যথাযথভাবে চিহ্নিত করা হয়নি বলেই গৎবাঁধা চিন্তা ও কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধতা ছিল। বর্তমানে সরকার সেই ধারা থেকে বের হয়ে সমস্যাগুলো গভীরভাবে বোঝার ওপর গুরুত্ব দিচ্ছে।
জহির উদ্দিন স্বপন বলেন, প্রাথমিকভাবে যেসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব, তার মধ্যে মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলা অন্যতম। এ ক্ষেত্রে গণমাধ্যমের সঙ্গে সমন্বয় রেখে তথ্যপ্রবাহকে নিয়মশৃঙ্খলার মধ্যে আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, গণমাধ্যম খাতের সমস্যা কেবল বিচ্ছিন্ন নয়, বরং এটি একটি বৃহত্তর কাঠামোগত বিষয়। বর্তমানে গণমাধ্যম অনেকাংশে অ্যানালগ ব্যবস্থায় রয়েছে, যা ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতে হবে।
মন্ত্রী জানান, তথ্য মন্ত্রণালয় ভবিষ্যতে প্রয়োজনীয় সক্ষমতা নিয়ে কাজ শুরু করলে জেলা প্রশাসকদেরও সে অনুযায়ী প্রস্তুত থাকতে বলা হয়েছে, যাতে তারা কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করতে পারেন।