
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. ওবায়েদ উল্যা চৌধুরী ও মো. আবুল বসার। অভ্যন্তরীণ আদেশের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য নিশ্চিত করেছে।
রবিবার (৬ মে) মানবসম্পদ বিভাগ-১ এর পরিচালক মো. শহীদ রেজা স্বাক্ষরিত আদেশে পদোন্নতির বিষয়টি জানানো হয়। পদোন্নতি বাংলাদেশ ব্যাংকের পদোন্নতি নীতিমালা-২০২২ অনুযায়ী শূন্য পদে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শিগগিরই তাঁদের দায়িত্ব বণ্টন করা হবে।
মো. ওবায়েদ উল্যা চৌধুরী পদোন্নতির আগে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেডের মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রায় ২৭ বছরের কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগ, রংপুর অফিস, প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগ, ইক্যুইটি অ্যান্ড অ্যান্ট্রাপ্রেনারশিপ ফান্ড ইউনিটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া অর্থ মন্ত্রণালয়ের অধীন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতেও তিনি প্রেষণে কাজ করেছেন। প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট থেকে ব্যাংক ম্যানেজমেন্টেও উচ্চতর ডিগ্রি নেন।
অন্যদিকে মো. আবুল বসার পদোন্নতির আগে বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিসে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি ব্যাংক পরিদর্শন বিভাগ ও বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন এবং দেশ-বিদেশে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক পদটি সর্বোচ্চ পদোন্নতিযোগ্য পদ হিসেবে বিবেচিত হয়। বর্তমানে গভর্নর ও ডেপুটি গভর্নর পদে সরকার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে থাকে।