
দেশে হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, টিকা নেওয়ার উপযোগী শিশুদের মধ্যে ইতোমধ্যে ৮১ শতাংশের বেশি শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।
রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দ্রুত সময়ের মধ্যেই শতভাগ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই এ লক্ষ্য অর্জিত হবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে দেশে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং মৃত্যুহারও কমেছে উল্লেখ করে তিনি বলেন, পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে এবং সারাদেশে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক আছে। ফলে টিকা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
জেলা প্রশাসক সম্মেলনে মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও অনিয়ম প্রতিরোধে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। এর মধ্যে বেসরকারি ক্লিনিকে অপচিকিৎসা বন্ধ, ডিসপেনসারিতে ভেজাল ওষুধ বিক্রি রোধ, পরিচ্ছন্নতা অভিযান জোরদার, মাদক নির্মূল এবং শিশুদের বুকের দুধ খাওয়ানো বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর নিরাপত্তা জোরদারে প্রতিটি কেন্দ্রে প্লাটুন কমান্ডারসহ ১০ জন করে আনসার সদস্য স্থায়ীভাবে মোতায়েনের সিদ্ধান্তের কথাও জানান তিনি।