
যুদ্ধবিধ্বস্ত ইরানের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে এসব সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী মানবিক এই সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এসব চিকিৎসা সামগ্রী ইরানে পাঠানো হবে।
এছাড়া মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে আহত জনগণের চিকিৎসা সহায়তার জন্য ৬ এপ্রিল রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান দেওয়া হয়।
সহায়তা হস্তান্তরকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংকট সমাধান ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা করে।
এ সময় ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশের এই মানবিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে এই দুঃসময়ে বাংলাদেশের সহমর্মিতার প্রশংসা করেন।