
দেশে দ্বিতীয় কোনো তেল শোধনাগার (রিফাইনারি) না থাকা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি দ্রুত নির্মাণ করা জরুরি বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার দুপুরে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) আয়োজিত ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, স্বাধীনতার এত বছর পরও দেশে দ্বিতীয় কোনো রিফাইনারি স্থাপন করা সম্ভব হয়নি, যা দেশের জ্বালানি নিরাপত্তার জন্য বড় সীমাবদ্ধতা। বর্তমান বিশ্বে জ্বালানি নিরাপত্তার গুরুত্ব অত্যন্ত বেশি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দেশে বর্তমানে একটিমাত্র রিফাইনারি, ইস্টার্ন রিফাইনারি রয়েছে, যা দেশের চাহিদার মাত্র ১০ থেকে ১৫ শতাংশ পূরণ করতে সক্ষম। ফলে অধিকাংশ জ্বালানি পরিশোধিত অবস্থায় আমদানি করতে হয়, এতে ব্যয় অনেক বেড়ে যায়।
অনুষ্ঠানে সংসদ সদস্য, সামরিক ও পুলিশ কর্মকর্তা, শিক্ষাবিদসহ সরকারি ও বেসরকারি সংস্থার ৪৫ জন ফেলো অংশ নেন। তারা জানান, এই কোর্স কৌশলগত সচেতনতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমাপনী বক্তব্যে সেনাপ্রধান অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান এবং জাতীয় নিরাপত্তা জোরদার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।