
জাতীয় সংসদের অধিবেশন কক্ষে বসে খাবার খাওয়া বা পানীয় গ্রহণের অনুমতি নেই। সংসদের শৃঙ্খলা, মর্যাদা ও কার্যক্রমের পরিবেশ বজায় রাখতে এমন আচরণ নিরুৎসাহিত করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে এমনই এক ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নিজের আসন থেকে তিনি দেখতে পান, এক সংসদ সদস্য কিছু খাচ্ছেন বা পান করছেন। দূর থেকে বিষয়টি নজরে আসতেই মাইকে তিনি ওই সদস্যের নাম উল্লেখ না করে জানতে চান, তিনি কী খাচ্ছেন। চা পান করছেন কি না, তাও প্রশ্ন করেন।
জবাবে সংশ্লিষ্ট সংসদ সদস্য জানান, তিনি গরম পানি পান করছেন। তখন স্পিকার কিছুটা বিরক্ত স্বরে বলেন, “পরে আরও কী খাবেন, গড নোজ।”
তবে কে সেই সংসদ সদস্য ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। কারণ টেলিভিশন ক্যামেরা ওই সময় তার দিকে ধরা হয়নি।
সংসদের কার্যপ্রণালী বিধিতে অধিবেশন কক্ষে খাওয়া-দাওয়া নিয়ে সরাসরি কোনো নিষেধাজ্ঞা উল্লেখ না থাকলেও, ৩১১ নম্বর বিধিতে বলা হয়েছে- সংসদ কক্ষটি সংসদের বৈঠক ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। সে হিসেবে অধিবেশন চলাকালে খাওয়া-দাওয়া সংসদের প্রচলিত শৃঙ্খলা ও রীতিনীতির পরিপন্থী বলে মনে করা হয়।
উল্লেখ্য, জাতীয় সংসদ ভবনের ভেতরে সদস্য ও কর্মকর্তাদের জন্য আলাদা ক্যাফেটেরিয়া ও ডাইনিং সুবিধা রয়েছে, যেখানে খাবার গ্রহণের ব্যবস্থা আছে।