
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং নকল বা প্রশ্নফাঁসের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর দেড়টার পর রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “আজকের পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমি নিজে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি এবং সিসিটিভি ক্যামেরায়ও পর্যবেক্ষণ করেছি। কোথাও কোনো অনিয়ম বা প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও এ ধরনের সুযোগ দেওয়া হবে না।”
তিনি আরও জানান, পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রগুলোতে নিরাপদ পানির ব্যবস্থা রাখা হয়েছিল এবং স্থানীয় জনগণও পরীক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে সহযোগিতা করেছেন।
পরীক্ষা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, এবারের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে—এটি আগেই প্রত্যাশা করা হয়েছিল। এজন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন করা হয়েছে এবং অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সিসিটিভি ফুটেজ সংরক্ষণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, দেশের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ফুটেজ সাত দিন সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সেগুলো পর্যালোচনা করা হবে।
পরীক্ষাকেন্দ্র পরিচালনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্র সচিবরা শিক্ষার্থীদের অভিভাবকের মতো দায়িত্ব পালন করেন। পরীক্ষার সময় কোনো সমস্যা হলে তা সামাল দেওয়ার প্রশিক্ষণ তাদের রয়েছে এবং তারা সেই অনুযায়ী দায়িত্ব পালন করেন।