
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে দেশে এ পর্যন্ত হামে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৫ জনে।
অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৮০৫ জন। একই সময়ে সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৯৩৫ জনে পৌঁছেছে।
এছাড়া হাম সন্দেহে এখন পর্যন্ত ১৭ হাজার ৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ১৪ হাজার ১০৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সংক্রমণ পরিস্থিতিতে দ্রুত টিকা কার্যক্রম জোরদার করা, সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের বিশেষ নজরদারিতে রাখা অত্যন্ত জরুরি। তারা অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।