
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বৈষম্যহীন ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন এক গণতান্ত্রিক অভিযাত্রায় এগিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) আফ্রিকায় শান্তি ও নিরাপত্তাবিষয়ক ডাকার আন্তর্জাতিক ফোরামে সেনেগালের পররাষ্ট্রমন্ত্রী শেখ নিয়াংয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের প্যানেলে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে শামা ওবায়েদ ইসলাম আফ্রিকার দেশগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সেনেগালকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি ১৯৮১ সালের মার্চে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেনেগাল সফরের কথা স্মরণ করে বলেন, ওই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করেছিল।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের জীবনমান উন্নয়ন ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বিএনপি নেতৃত্বাধীন সরকার অর্থনৈতিক, ডিজিটাল, মানবিক ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি তরুণ সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকার ওপরও গুরুত্ব দেন।
পাশাপাশি তিনি নারীর ক্ষমতায়ন ও জাতীয় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের নেওয়া ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’সহ বিভিন্ন উদ্যোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরেন।
জাতিসংঘের শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ কার্যক্রমে বাংলাদেশের অবদানের কথা উল্লেখ করে তিনি বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ কর্মসূচি এগিয়ে নিতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান।
এ সময় তিনি নারীশিক্ষা সম্প্রসারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করেন এবং টেকসই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় নারীদের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বহুপাক্ষিক কূটনীতির প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমানের প্রার্থিতার পক্ষে সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন কামনা করেন।