
দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নিজ জেলা বগুড়ায় গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান—উন্নয়ন ও রাজনৈতিক নানা কর্মসূচিতে ব্যস্ত থাকবেন দিনভর।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে তিনি বগুড়ায় পৌঁছান। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এর আগে ভোর ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি।
এই সফরে বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জেলাজুড়ে বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, বেলা সোয়া ১১টায় জজ আদালতে ই-বেইলবন্ড চালু করা, সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে নবগঠিত সিটি করপোরেশনে উন্নীত করার ফলক উন্মোচন করবেন তিনি। এরপর বেলা পৌনে ১২টায় শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়ে, দুপুর পৌনে ১টায় সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করবেন।
বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। জনসভা শেষে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি।
দিনের কর্মসূচি শেষে ঢাকার পথে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি করবেন।